এই বইটি মূলত তাফসীরুল কুরআনীল আযীম ও তাইসীরুল কারীমির রহমান ফী তাফসীরে কালামিল মান্নান থেকে সংকলিত।
শাওকী বিন সালেম বিন আব্দুর রহীম বাওযীর কর্তৃক সংকলিত ও সংযোজিত 'সরাতল কাহফের তাফসীর' নামক বইখানি গুরুত্ব ও তাৎপর্যের দিক থেকে অতীব মূল্যবান। প্রখ্যাত তাফসীর বিশারদ আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ প্রণীত 'তাফসীরুল করআনিল আযীম' থেকে মূল বক্তব্য এবং শায়খ আব্দুর রহমান আস-সাদী রচিত 'তাইসীরুল কারীমির রহমান ফী তাফসীরে কালামিল মান্নান' থেকে একশ' দশটি ফায়দাসহ মণিমুক্তা ঝরানো অনেকগুলো জীবনঘনিষ্ঠ উপদেশ ও শিক্ষার সমন্বয়ে বইটিকে সাজানো হয়েছে। সূরা কাহফের অশেষ ফজিলত ও সুমহান মর্যাদা এবং আল্লাহ রাব্বুল আ'লামিনের কুদরতের অনেকগুলো বিষয় সম্বলিত আলোচনা এতে স্থান পেয়েছে। পূর্ববর্তী উম্মতদের বেশ কয়টি চিত্তাকর্ষক অলৌকিক শিক্ষণীয় ঘটনা এতে বর্ণিত হয়েছে।
প্রিয় মাতৃভাষা বাংলায় যারা কথা বলেন, তারাও যেনো এ মূল্যবান বই থেকে উপকৃত হয়ে স্বীয় হৃদয়-মনকে আল-কুরআনের আলোকে আলোকিত করে জান্নাতী হতে পারেন, সে উদ্দেশ্যেই বইটি অনুবাদ করে ভাই-বোনদের হাতে তুলে দেয়া হলো। আসহাবুল কাহফ তথা গুহাবাসীদের কাহিনী, দু'বাগান ওয়ালার ঘটনা, মূসা আলাইহিস সালাম ও খিযিরের ঘটনা এবং যুলক্বরনাইন ও ইয়াজুজ-মাজুজের বর্ণনাসহ আরো গুরুত্বপূর্ণ উপকারী অনেক কিছু তারা এই বইটির মাধ্যমে নিজ ভাষায় জানতে পারবেন।
যাঁর পরামর্শ, উৎসাহ-উদ্দীপনা এবং সার্বিক সহযোগিতায় বইটি বাংলা ভাষায় অনুদিত হলো, তিনি হলেন বেশ কয়েকটি মূল্যবান গ্রন্থের সার্থক ও সফল রচয়িতা আমার শ্রদ্ধাভাজন সুহৃদ অধ্যাপক মুহাম্মাদ নূরুল ইসলাম মক্কী। আল্লাহ তাঁকে দু'জাহানে উত্তম বিনিময় দান করুন। বইটি প্রকাশে যারা যারা শ্রম দিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন, তাঁদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
মহান আল্লাহ তাআলার নিকট এ প্রার্থনা করছি, তিনি যেনো এই বইয়ের লেখক, অনুবাদক, পাঠক এবং কুরআন মোতাবেক আমলকারী সকলকে দু'জাহানের সফলতা দান করেন। আমীন!
আব্দুর রহমান নাসির আস সা’দী
হাফেয মাহমুদুল হাসান মাদানী
সবুজপত্র পাবলিকেশন্স